ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান অতিরিক্ত প্রেস সচিবের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান অতিরিক্ত প্রেস সচিবের

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন। এর প্রমাণ টেলিভিশনের স্ক্রিন ও পত্রিকার পাতাগুলো। তবে কিছু অনলাইন মিডিয়ায় মনের মাধুরী মিশিয়ে ফটোকার্ড বানানো হচ্ছে, রিলসের নামে খন্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। এতে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়।

ভিউ প্রতিযোগিতার নামে এমন অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

ঈদকে ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করতে সোমবার (১ জুন) তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আতিকুর রহমান রুমন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে সরকার আন্তরিক। মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, সে ব্যাপারে সরকার আন্তরিক। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন, তখনো কাজ করে যাচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু ছুটি কাটাননি। তার টিমের সঙ্গে যারা আছেন তারাও, অর্থাৎ আমরাও কিন্তু ঈদের ছুটির দিনগুলোতে, এমনকি ঈদের দিনেও কাজ করেছি।’

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঢাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন। কোথায় পরিষ্কার হয়েছে, কোথায় হয়নি, কোথাও গাফিলতি হয়েছে কি না? এসব ঘুরে ঘুরে দেখেছেন। যেখানে অব্যবস্থাপনা পেয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং গাফিলতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা মানুষের সেবায় এভাবে রাতদিন কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী প্রতিদিনই প্রায় ১২-১৩ ঘণ্টা করে, এমনকি মাঝে মাঝে ১৬ ঘণ্টাও কাজ করে যাচ্ছেন।’

রুমন বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে এবারের ঈদের আনন্দের মধ্যেও আমাদের মনে ছিল এক ধরনের শূন্যতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে ঈদের নানা স্মৃতি আমাদের মনে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহারিয়ার পামির।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!