ঢাকা   মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আজ রাত ৮টায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:১৩ এএম

আজ রাত ৮টায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচন আজ (২ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় (নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায়) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আঞ্চলিক ঘূর্ণমান পদ্ধতির নিয়ম অনুযায়ী এবার এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করা হবে। এই নির্বাচনে বাংলাদেশের প্রার্থী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয় এস কাকোরিস।

পূর্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই পদের জন্য তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে মনোনয়ন দিয়েছিল। তবে একই পদে ফিলিস্তিনের প্রার্থী থাকায় বাংলাদেশ সে সময় প্রার্থিতা স্থগিত রাখলেও প্রত্যাহার করেনি।

পরবর্তীতে ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে বাংলাদেশের প্রার্থিতা আবারও পুনরুজ্জীবিত হয়। এরপর গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি ক্ষমতা গ্রহণের পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বাংলাদেশের প্রার্থী হিসেবে পুনঃমনোনয়ন দেওয়া হয়।

সদস্য দেশগুলোর ভোটে খলিলুর রহমান নির্বাচিত হলে ৪০ বছর পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি এই গৌরব অর্জন করবেন।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী।

গত ১৩ মে জাতিসংঘ সদর দপ্তরে এক আনুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠানে খলিলুর রহমান নির্বাচিত হলে ‘পূর্ণকালীন সভাপতি’ হিসেবে দায়িত্ব পালন করার এবং সবার সভাপতি হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তার ছয়টি পরিকল্পনার প্রস্তাব তুলে ধরেন। ওই অনুষ্ঠানে অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চান, সাধারণ পরিষদের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না।

জবাবে খলিলুর রহমান জানান, তিনি পদত্যাগ করবেন না, বরং প্রধানমন্ত্রী তাকে এক বছরের রেহাই দিতে পারেন বা তিনি ছুটিতেও যেতে পারেন।

এ প্রসঙ্গে সোমবার (১ জুন) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের জানান, নির্বাচিত হলে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন কি না, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানই নেবেন।

তিনি স্পষ্ট করেন, পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থেকে এই দায়িত্ব পালনে কোনো আইনি বাধা বা নিয়ম নেই। নির্বাচনে বাংলাদেশের বিজয়ের সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী অত্যন্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিসংঘে খলিলুর রহমানের বিশাল কর্মঅভিজ্ঞতা থাকায় বাংলাদেশ এই নির্বাচনে অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছে এবং জয়ী হলে তা দেশের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে নতুন দ্বার উন্মোচন করবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!