মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি, হাসপাতালে পরিবারের ৮ সদস্যের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের হাউজ রানি এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৮ সদস্যও রয়েছেন। হোটেলটির পাশের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন স্বজনকে দেখতে এসে তারা দুর্ঘটনায় পড়েন। খবর এনডিটিভির।
নিহতদের মধ্যে ছিলেন বিবেক আগরওয়াল, তার স্ত্রী তারজানি আগরওয়াল, তাদের দুই কন্যা জীবিশা আগারওয়াল ও ভার্যা আগরওয়াল এবং আরও চার স্বজন।
পরিবারটি মূলত গুরুগ্রামের সেক্টর-৪৬ এলাকার বাসিন্দা। বিবেক আগরওয়ালের বাবা রাধে শ্যাম আগরওয়াল দিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে দেখতে পরিবারসহ দিল্লিতে এসেছিলেন তিনি। থাকার জন্য তারা হোটেলটিতে দুটি কক্ষ ভাড়া নেন।
বুধবার সকালে পরিবারের সদস্যরা হোটেলের রেস্তোরাঁয় নাশতা করছিলেন। এ সময় আগুনের সূত্রপাত হলে দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আগুনে পরিবারের আট সদস্যই নিহত হন।
দুর্ঘটনার পর বিবেক আগরওয়ালের ৮০ বছর বয়সী বাবা রাধে শ্যাম আগরওয়ালই পরিবারের একমাত্র জীবিত নিকট আত্মীয় হিসেবে রয়ে গেছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের মরদেহ ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৮টার দিকে পাঁচতলা ভবনটিতে আগুন লাগে এবং সরু কাঠামোর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সে সময় হোটেলে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের অধিকাংশই ঘুমিয়ে ছিলেন। অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হয়েছেন।
এ ঘটনায় আগরওয়াল পরিবারের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা একে সাম্প্রতিক সময়ের অন্যতম মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করছেন।






