‘আমরা পুরোদমে কামারখন্দ উপজেলায় মাদকবিরোধী অভিযান শুরু করেছি। এরই ধারাবাহিকতায় পুরো উপজেলায় অভিযান চলছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’ এমন মন্তব্য করেছেন কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী।
গনমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মাদক নির্মূলে কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে দুই দিনে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা মাদকের সাথে জড়িত, তাদের কোনো ছাড় নেই।
কামারখন্দ থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কামারখন্দ উপজেলার চৌবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ পিস ইয়াবাসহ বলরামপুর গ্রামের মো. মনিরুল সরকার (২৬) ও রায়দৌলতপুর গ্রামের মো. ইসমাইল হোসেনকে (২৯) গ্রেপ্তার করা হয়। পরে তাদের পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে কামারখন্দ থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুর ২টার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসেবনের দায়ে মো. শিশির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
কামারখন্দ থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত কামারখন্দ গড়তে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থে এই কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ কামারখন্দ উপজেলার পাশ দিয়ে চলে যাওয়ায় মহাসড়কসংলগ্ন বিভিন্ন গ্রামেও নজরদারি বাড়ানো হয়েছে। মাদক কারবার ও মাদকসেবন রোধে পুলিশের পাশাপাশি প্রশাসনের অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে।
বার্তা বাজার/এমএমএইচ






