ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরার চাপ বাড়ায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে ঢাকামুখী যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। গত কয়েক দিনে সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকামুখী লেনে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন পারাপার হয়েছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, বুধবার (৩ জুন) সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে ঢাকামুখী লেনে ২০ হাজার ৬৯৯টি যানবাহন পার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার ৩০০ টাকা।
একই সময়ে পূর্ব প্রান্ত দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে ১৬ হাজার ৭৭৫টি যানবাহন চলাচল করে। এ খাতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৮৫০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় যমুনা সেতু ব্যবহার করেছে মোট ৩৭ হাজার ৪৭৪টি যানবাহন এবং মোট টোল আদায় দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৯৬ হাজার ১৫০ টাকা।
এর আগের ২৪ ঘণ্টায় মঙ্গলবার (২ জুন) সেতুটি দিয়ে ৩৮ হাজার ৩৭৬টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ২ কোটি ৯১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। একদিনের ব্যবধানে যানবাহন পারাপার কমেছে ৯০২টি, তবে টোল আদায় বেড়েছে ১৪ লাখ ৭ হাজার ৬৫০ টাকা।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঈদ পরবর্তী সময়ে কর্মস্থলে ফেরা মানুষের চাপের কারণে যমুনা সেতু দিয়ে ঢাকামুখী যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। তবে সেতু ও সংযোগ মহাসড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।’
বার্তা বাজার/এমএমএইচ






