ময়মনসিংহের ভালুকায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট এলাকার একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বাঁশঝাড়ের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগটিতে কিছু টাকা ও বিস্কুটের প্যাকেট পাওয়া যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।’
বার্তা বাজার/এমএমএইচ






