আর্জেন্টিনা ১, ব্রাজিল ৬
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে দারুণ এক সুখবর পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বর স্থান দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে ফ্রান্সের অপ্রত্যাশিত পরাজয়ের পর শীর্ষস্থান ফিরে পেয়েছে আলবিসেলেস্তেরা।
২০২৩ সালের এপ্রিল থেকে টানা ৮৯৩ দিন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে হারের পর সেই অবস্থান হারায় তারা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপের ঠিক আগে আবারও সিংহাসনে ফিরল দক্ষিণ আমেরিকার পরাশক্তিরা।
আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে এক নম্বর স্থান হারিয়েছে ফ্রান্স। তারা নেমে গেছে তিন নম্বরে। অন্যদিকে ইরাকের সঙ্গে ড্র করেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। শীর্ষ ছয়ে কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড, পর্তুগাল ও ব্রাজিল যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে।
তবে আর্জেন্টিনার শীর্ষে ফেরার আনন্দের মাঝেই সামনে এসেছে একটি অদ্ভুত পরিসংখ্যান। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালুর পর থেকে কোনো দলই বিশ্বকাপের আগে এক নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। ফলে ইতিহাসের সেই ‘অভিশাপ’ এবারও আলোচনায়।
মজার বিষয় হলো, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সময় আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে ছিল। এবার তারা বিশ্বকাপ শুরু করবে শীর্ষ দল হিসেবে।






