বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার উপর ককটেল হামলা মামলায় জাহাঙ্গীর আলম (৪২) নামে শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়ার মতিউর রহমানের ছেলে। সে উপজেলা শ্রমিক লীগের সভাপতি। শুক্রবার রাতে ধুনট শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্র জানায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২০২৫ সালের ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়।
তারা জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাঁধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা বাজার/এস এইচ






