দীর্ঘ ১৫ বছরের মধ্যে এই প্রথম এমন নজির দেখাল ভারত
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত। মুল্লানপুরে আগে ব্যাট করতে নামা শুভমান গিলের দল ১৫ বছরে প্রথমবার একটি নজির গড়েছে। ভারতের মাটিতে টেস্ট চলছে, অথচ স্বাগতিকদের একাদশে নেই রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার কেউই।
এর আগে সর্বশেষ ২০১০ সালে নাগপুর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষ এই দুই অভিজ্ঞ তারকার কেউ ছিলেন না। তবে হরভজন সিং ও প্রজ্ঞান ওঝার মতো বিশেষজ্ঞ স্পিনারদের দাপুটে পারফরম্যান্সে ইনিংস এবং ১৯৮ রানের বড় ব্যবধানে জেতে স্বাগতিকরা। এরপর থেকে ঘরের মাঠে ৬৯ টেস্ট খেলেছিল ভারত, যেখানে জাদেজা-অশ্বিনের মধ্যে অন্তত একজন একাদশে খেলেছেন।
অশ্বিন অবশ্য ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ১০৬ টেস্টে তিনি ৫৩৭টি উইকেট নিয়েছেন। অশ্বিন ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। তবে জাদেজার সামনে এখনও টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের দরজা খোলা। যদিও আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে নেই বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার। ৮৯ টেস্টের তার শিকার ৩৪৮ উইকেট।
জাদেজাও না থাকায় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মানভ সুথারের। পাশাপাশি ভারতের একাদশে অভিজ্ঞ দুই স্পিনার কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দরও আছেন। ২০১৮ সালের পর প্রথমবার আফগানিস্তানের সঙ্গে টেস্ট খেলতে নেমেছে ভারত। যদিও ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবে দলের ভারসাম্যপূর্ণ সমন্বয় খুঁজতে পরীক্ষা-নিরীক্ষার ভালো সুযোগ রয়েছে গৌতম গম্ভীরের সামনে।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের আর ৯টি ম্যাচ বাকি। যেখানে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের সঙ্গে দুই টেস্টের অ্যাওয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের হোম সিরিজ রয়েছে। ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এর মধ্যে সাতটি ম্যাচে জিততে হবে শুভমান গিলের দলকে। বর্তমানে তারা চ্যাম্পিয়নশিপ টেবিলের ছয়ে অবস্থান করছে।






