সাগর পথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার ও ৯ জন মানব পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত বোটটি।
৫ জুন (শুক্রবার) রাতে উপজেলার উপকূলীয় বাহারছড়া সমুদ্র এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার মোঃ মুত্তাকীন সিদ্দিকী, (এক্স), বিএন।
তিনি জানান, মালয়েশিয়া মানবপাচারের গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া কর্তৃক যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হয়। বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে ধৃতরা উদ্ধারকৃতদের মালয়েশিয়া ও বিভিন্ন দেশে পাচারের কথা স্বীকার করেছে। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।
জব্দকৃত বোট, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বার্তা বাজার/এস এইচ






