ঢাকা   রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী সরকারের দুর্নীতি দায়ী: তথ্যমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:৪০ এএম

বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী সরকারের দুর্নীতি দায়ী: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের আমলের নজিরবিহীন চুরি, দুর্নীতি ও অর্থপাচারের কারণেই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান তীব্র সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বিগত সরকারের ভুল নীতি ও হরিলুটের বোঝা এখন রাষ্ট্র ও জনগণকে বহন করতে হচ্ছে। দীর্ঘদিনের এই কাঠামোগত অনিয়মের ক্ষত কাটিয়ে বিদ্যুৎ খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে।’

শনিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মূল্য সমন্বয় নিয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ব্রিফিংয়ে দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে মন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ খাতের চাপ সামলাতে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ করা হলেও দেশের ৬৫ শতাংশ সাধারণ ও নিম্ন আয়ের গ্রাহককে এর বাড়তি চাপ থেকে সম্পূর্ণ সুরক্ষায় রাখা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) স্বাধীন ও আধা-বিচারিক প্রতিষ্ঠান হিসেবে তাদের নিয়মিত প্রক্রিয়ায় এই মূল্য সমন্বয় করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করা। ফলে কেবল উচ্চ ব্যবহারকারীদের ওপর কিছু চাপ পড়লেও অধিকাংশ সাধারণ মানুষ এর আওতামুক্ত থাকছেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বিদ্যুতের দাম বাড়ানোর পরও আগামী অর্থবছরে সরকারকে বিদ্যুৎ খাতে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় সচল রাখতে ভর্তুকি ও মূল্য সমন্বয়ের মধ্যে এই ভারসাম্য রক্ষা করতে হয়েছে।

জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থলভাগে দীর্ঘদিন গ্যাস অনুসন্ধান স্থবির ছিল। বর্তমান সরকার এখন সমুদ্রাঞ্চলে অনুসন্ধান জোরদার করছে এবং সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছে।

মূল্য সমন্বয়ের সুযোগ নিয়ে বাজারে কেউ যেন নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়াতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!