জাতীয় ঐকমত্য কমিশনের চলমান আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টায় কমিশনের বৈঠকের সূচনাপর্বে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ড. রীয়াজ বলেন, “আমরা যে দায়িত্ব পেয়েছি, তার অন্যতম দিক হলো সিদ্ধান্ত গ্রহণ। সে লক্ষ্যে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে কাজ করছি এবং আশা করছি আগামীকালের মধ্যেই আমরা সর্বশেষ অগ্রগতির তথ্য আপনাদের জানাতে পারব।”
নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা ইতোমধ্যে আশাব্যঞ্জক পর্যায়ে পৌঁছেছে বলে জানান তিনি। এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপনের প্রস্তুতি চলছে।
তবে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত আলোচনার প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
নাগরিকদের মৌলিক অধিকার সংক্রান্ত আলাদা একটি প্রস্তাব অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। রীয়াজ জানান, মৌলিক অধিকার বিষয়ে দলগুলো নীতিগতভাবে একমত হলেও সংবিধানে কী ধরনের সংশোধন আসবে, তা নিয়ে কিছু মতপার্থক্য রয়ে গেছে।
বিএনপির পক্ষ থেকে দেওয়া প্রস্তাব ও আপত্তিগুলো কমিশনের কাছে উপস্থাপিত হয়েছে এবং সেগুলো আলোচনার গতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও জানান তিনি।
আলী রীয়াজ আরও বলেন, “আজকের বৈঠকে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর একটি তালিকা আজকের মধ্যেই দলগুলোর কাছে পাঠানো হবে। আগামীকাল আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ তৈরি করে তা উপস্থাপন করতে পারব বলে আশা করছি।”
তিনি সকল রাজনৈতিক দলের প্রতি চলমান আলোচনায় আগের মতো সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
রাষ্ট্রপতির দায়িত্ব ও ক্ষমতা নিয়ে প্রস্তাব এখনো চূড়ান্ত না হলেও, অন্যান্য বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর উদ্দেশ্যে আলোচনা এগিয়ে চলছে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই কমিশন নেতা।






