ঢাকা   রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে ক্ষোভ জামায়াত এমপির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

সীমান্ত হত্যা ও পুশ ইন নিয়ে আলোচনা স্থগিত, সংসদে ক্ষোভ জামায়াত এমপির

ভারত সীমান্তে অবৈধ পুশ ইন এবং বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে জাতীয় সংসদে নির্ধারিত বিশেষ আলোচনা স্থগিত করায় তীব্র ক্ষোভ ও সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (ঢাকা-১৪) মীর আহমাদ বিন কাসেম আরমান। বাজেট অধিবেশনের ব্যস্ততা ও সময়ের সীমাবদ্ধতার কারণে এটি সাময়িক স্থগিত করা হয়েছে জানিয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, দ্রুতই স্থগিতাদেশ প্রত্যাহার করে এর ওপর আলোচনা হবে।

রোববার (১৪ জুন) বিকেলে সংসদের অধিবেশন শুরু হলে ‘পয়েন্ট অব অর্ডারে’ দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন মীর আহমাদ বিন কাসেম আরমান।

তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, দেশের সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশ ইন ও সীমান্ত হত্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ্যে ঘোষিত পুশ ইন তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের দাবিতে কার্যপ্রণালি-বিধির ১৪৭ ধারা অনুযায়ী তিনি একটি সাধারণ প্রস্তাবের নোটিশ দিয়েছিলেন। সংসদের মূলতবি শাখা থেকে চিঠি দিয়ে তাকে জানানো হয়েছিল যে, আজ রোববার বিষয়টি আলোচনার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এমনকি গত বৃহস্পতিবারের অধিবেশন মূলতবি হওয়ার পর রোববারের মূল কার্যসূচিতেও বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আজ সকালে দেওয়া নতুন কার্যসূচি থেকে রহস্যজনকভাবে বিষয়টি বাদ দেওয়া হয় এবং মূলতবি শাখা থেকে তাকে জানানো হয় অনিবার্য কারণবশত প্রস্তাবটি স্থগিত করা হয়েছে।

সংসদে ক্ষোভ উগরে দিয়ে জামায়াতের এই সংসদ সদস্য প্রশ্ন তোলেন, জনগণের রক্তের চেয়ে আর কী গুরুত্ব থাকতে পারে যে এত বড় একটি জনগুরুত্বপূর্ণ বিষয়, যা কোনো দলীয় অ্যাজেন্ডা নয়, তাকে অনিবার্য কারণবশত স্থগিত করতে হলো? একই সঙ্গে এটি পরবর্তীতে কবে আলোচনার জন্য নির্ধারিত হবে, সেই সুনির্দিষ্ট তারিখও জানতে চান তিনি।

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং নোটিশটি তার সামনেই আছে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি সাময়িক পদক্ষেপ মাত্র। বর্তমানে সংসদে বাজেট অধিবেশন চলছে এবং তাদের সময়ের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমান্ত হত্যা ও পুশ ইন অত্যন্ত মৌলিক ও গুরুত্বপূর্ণ একটি বিষয় বা ফান্ডামেন্টাল পার্ট হিসেবে স্বীকার করে ডেপুটি স্পিকার বলেন, খুব শিগগিরই এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নোটিশের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন