সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন, নিশ্চিত করে টেকসই উন্নয়ন’, ‘আসুন দূষণমুক্ত সাতক্ষীরা গড়ি’, ‘সঠিক জায়গায় ময়লা ফেলি, দূষণমুক্ত আবাসন গড়ি’, ‘নিজের এলাকা পরিষ্কার রাখি, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি’, ‘যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করুন’, ‘সবাই মিলে হাত মেলাই, দূষণমুক্ত সাতক্ষীরা চাই’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থান ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে এবং ময়লা-আবর্জনা ভেসে বেড়ায়। শহরে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান কিংবা আধুনিক ডাম্পিং স্টেশন না থাকায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
বক্তারা আরও বলেন, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান নিয়ে নাগরিকদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে। বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নয়ন না ঘটলে শহরের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়বে এবং সাতক্ষীরা ধীরে ধীরে বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।
তারা অবিলম্বে শহরে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের দাবি জানান।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, অ্যাডভোকেট বিপ্লব হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মণ্ডল, ইমতি জামিল, নুরজাহান খাতুনসহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাতক্ষীরাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বার্তা বাজার/এস এইচ






