বর্তমান সময়ের বিশ্বব্যবস্থা ও মানুষের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। সোমবার (১৫ জুন) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন যে, পৃথিবীজুড়ে এখন কেবলই মনুষ্যত্ব-বিবর্জিত ‘খোলস-মানুষের’ বসবাস।
ফেসবুকে দেওয়া পোস্টে শায়খ আহমাদুল্লাহ ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিশাল ব্যয়ের প্রসঙ্গ টেনে আনেন। তিনি উল্লেখ করেন, ওই বিশ্বকাপে ২২০ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছিল। অথচ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যমতে, মাত্র ৪০ বিলিয়ন ডলার খরচ করলেই প্রতি বছর পৃথিবীর ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যের জোগান দেওয়া সম্ভব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে কোটি কোটি মানুষ খাদ্যাভাবে ভুগছে, অন্যদিকে একটি খেলার পেছনে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা প্রমাণ করে যে আমরা মনুষ্যত্বের মর্যাদা অনেক আগেই হারিয়ে ফেলেছি।
নিজের পোস্টের মন্তব্যের ঘরে তিনি ফুটবল বিশ্বকাপ ঘিরে করপোরেট দুনিয়ায় সম্ভাব্য ক্ষতির চিত্র তুলে ধরেন। আন্তর্জাতিক এআই প্ল্যাটফর্ম ‘ইউকেজি’-র জরিপ উদ্ধৃত করে তিনি জানান, চলতি বিশ্বকাপে করপোরেট দুনিয়ায় প্রায় দুই লাখ কোটি টাকার ক্ষতি হতে পারে।
জরিপের তথ্যানুযায়ী, বিশ্বকাপের ম্যাচগুলোর সময়ের সাথে মিল রেখে বিশ্বের প্রায় ৩৭ শতাংশ কর্মী তাদের কাজের রুটিন পরিবর্তনের পরিকল্পনা করছেন। এছাড়া ২৭ শতাংশ কর্মী ম্যাচ দেখার জন্য দেরিতে অফিসে আসা, আগেভাগে চলে যাওয়া কিংবা কর্মদিবসে অনুপস্থিত থেকে কাজ ফাঁকি দিতে পারেন বলে আশঙ্কার কথা ব্যক্ত করেন তিনি।
শায়খ আহমাদুল্লাহর এই বিশ্লেষণধর্মী স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পোস্ট দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে এতে প্রায় ৬২ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া দেড় হাজারের বেশি ব্যবহারকারী পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের মতামত প্রকাশ করেছেন।
বার্তা বাজার/এস এইচ






