২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের প্রায় সব থানায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সঙ্গে সম্পর্কিত অনেক মামলা দায়ের হয়েছে। তবে এসব মামলার চার্জশিট দাখিল করতে পুলিশের পক্ষ থেকে যথেষ্ট সময় লাগছে। এই বিলম্বের কারণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনের সময় তিনি বলেন, “৫ আগস্টের পরবর্তী মামলাগুলোতে অসংখ্য আসামি রয়েছেন। প্রত্যেক আসামির বিরুদ্ধে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। তাই চার্জশিট দাখিল বিলম্বিত হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই, কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয়।”
অস্ত্র উদ্ধারে চলছে অভিযান
তিনি আরও জানান, “কয়েকটি থানায় অস্ত্র লুট হওয়া ঘটনা ঘটেছে। এসব অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত আছে। নির্বাচনের পূর্ব পর্যন্ত আরও অস্ত্র উদ্ধার হবে। আমরা চাই নির্বাচন যেন মিডিয়া ও জনগণের অংশগ্রহণে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।”
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও মূল স্টেকহোল্ডার হলো নির্বাচন পরিচালনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ও প্রশাসন। দলগুলো যদি সহযোগিতা করে, তখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত
তিনি উল্লেখ করেন, “আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি এবং চাই সাধারণ মানুষ শান্তিপূর্ণ পরিবেশে জীবন যাপন করুক। অন্যদিকে, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী প্রচারণায় কাজ করবে।”
ভারত থেকে ফিরে আসা নাগরিকদের পরিস্থিতি
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের বিষয়ে তিনি বলেন, “ভারতে থাকা নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হবে। আমরা চাই তারা প্রোপার চ্যানেলের মাধ্যমে নিরাপদে আসুক। তবে কিছু মানুষ অনুমোদিত পথে না গিয়ে সীমান্তবর্তী অবৈধ জায়গায় প্রবেশ করছে, যা অগ্রহণযোগ্য। এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সে কারণে সীমান্ত পুশব্যাকের সংখ্যা কিছুটা কমেছে।”






