ঢাকা   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ে বাকৃবি-মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ে বাকৃবি-মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

যৌথ শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. তাহসিন ফারজানা, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হুসাইন নাজির, এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর এবং মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ড. মানাকান্ত ইন্ট্রাকামহেং।

অধ্যাপক ড. মানাকান্ত ইন্ট্রাকামহেং বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাকৃ‌বি ও মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এর ধারাবাহিকতায় গত বছর মহাসারাখাম বিশ্ববিদ্যালয় বাকৃবি থেকে ইন্টার্নশিপ শিক্ষার্থী গ্রহণ করেছিল। আমরা আশা করি, ভবিষ্যতেও এই সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মহাসারাখাম বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বাকৃবির পশুপালন অনুষদের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সে কারণে বর্তমানে বাকৃবির সঙ্গে নতুন করে আরেকটি প্রাতিষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সুযোগ নেই। তবে পশুপালন অনুষদের মাধ্যমে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়টি আগ্রহী। মহাসারাখাম বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই বাকৃবির সঙ্গে সহযোগিতার যাত্রা শুরু করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে।

বাকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, এ উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা এবং শিক্ষার্থী বিনিময় কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে। গত বছর বাকৃবি থেকে কয়েকজন শিক্ষার্থী মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নশিপ কর্মসূচিতে অংশ নিয়েছিল। সেখানে তারা চমৎকার সহযোগিতা পেয়েছে। সেই ইতিবাচক অভিজ্ঞতার ভিত্তিতেই এ বছর আমরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি। ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রমে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন