ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম

এনসিপি তিনটি বিষয় নিয়ে কাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় নাগরিক পার্টি তিনটি বিষয় নিয়ে কাজ করছে। একটি হলো সংস্কার, যার মাধ্যমে বাংলাদেশের আমুল পরিবর্তন হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী আছে, তাদের বিচার প্রক্রিয়ায় যাতে নিয়ে আসতে পারি, এছাড়া যারা মানুষের পকেট কেটেছিল, ব্যাংক লুট করেছিল শেয়ার মার্কেট শূন্য করেছিল- তাদের যাতে আইনের আওতায় আনা যায় সেজন্য মানুষের কাছে যাচ্ছি কাজ করছি। আর একটি বড় বিষয় হলো ভারত থেকে পুশিংয়ের চেষ্টা করছে। বাংলাদেশ পরিচয়ে আমাদের দেশে পাঠানোর জন্য স্টেটমেন্ট দিয়েছে। নতজানু পররাষ্ট্র নীতি থেকে যাতে স্বাধীন পররাষ্ট্রনীতিতে যেতে পারি- সেজন্য নাগরিক পার্টি কাজ করছে বলে জানান তরুণ এই নেতা।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট খানজাহান আলীর (রহ.) মাজার ঘাটে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় জাতীয় নাগরিক পার্টি, বাগেরহাট জেলা সমন্বয়ক সৈয়দ মাহবুব মোর্শেদ সোহেল, এনসিপি নেতা আল আমিন খান সুমন, লাবিব আহমেদ, আল আমিন জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় নেতা আরজিন আরোবী নওরিনসহ ছাত্রশক্তি, যুবশক্তিসহ এনসিপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের উন্নয়ন ইস্যুতে পাটওয়ারী বলেন, বাগেরহাটে শেখ পরিবারের রাজত্ব ছিল। শেখ পরিবার রাজত্ব করেছে, শেখের নাম বিক্রি করেছে; কিন্তু উন্নয়নের নামে কিছু হয়নি। বাগেরহাট থেকে শেখ পরিবারকে উচ্ছেদের জন্য বাগেরহাটবাসীকে অভিনন্দন জানান নাসির উদ্দিন।

নাসির আরও বলেন, এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হযরত খানজাহান আলীর (রহ.) নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। যেখান থেকে এলাকার ও দেশের মানুষের শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা হবে। মুসলিমদের গৌরবময় ইতিহাস ঐতিহ্যের চর্চা হবে।

ভারতীয় ফ্যাসিবাদ ইস্যুতেও মুখ খোলেন এনসিপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, ভারতীয় ফ্যাসিবাদ থেকে বের হয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের ইস্যু নিয়ে বিচার ও সংস্কার বাস্তবায়ন করতে পারি সেজন্য কাজ করছি। গণভোটের পক্ষে ৭৫ শতাংশ ভোট পড়েছে সংস্কারের জন্য, কিন্তু সেই সংস্কার বাস্তবায়ন হচ্ছে না। আমরা সেই ভোটাধিকারের পক্ষে লড়াই করব। সংস্কারের প্রশ্নে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার ৭৫ শতাংশ মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতন হতে সময় লাগবে না। সাংবাদিকদের সাথে কথা বলার একপর্যায়ে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন নাসির।

পরে নেতাকর্মীদের নিয়ে খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে যান। সেখানে মসজিদের পশ্চিম পাশে ঘোড়াদীঘির দক্ষিণ পাড়ে বৃক্ষরোপণ করেন তিনি। বৃক্ষরোপণ শেষে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে নেতাকর্মীদের নিয়ে জুমার নামাজ আদায় করেন নাসীরুদ্দীন।

শনিবার সবাইকে সংস্কার বাস্তবায়নের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশে যোগদানের আহ্বান জানান এই নেতা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন