ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, তার বিদায় চান অধিকাংশ ইসরাইলি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস, তার বিদায় চান অধিকাংশ ইসরাইলি

ইসরাইলের বেশির ভাগ মানুষের চাওয়া, নেতানিয়াহু এখন রাজনীতি থেকে বিদায় নেবেন। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল–১২–এর এক জরিপে এমন মনোভাবের কথা উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ইসরাইলিদের ৫৯ শতাংশ মনে করছেন, নেতানিয়াহুর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। আসছে শরতে হতে যাওয়া ইসরাইলের পরবর্তী নির্বাচনে তার আর অংশ নেওয়া উচিত হবে না।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র আর ইরান সমঝোতায় পৌঁছানোয় চাপে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। দেশে–বিদেশে ইসরাইল ও দেশটির সরকারের প্রতি ক্ষোভ বাড়ছে।

জরিপে অংশ নেওয়া ইসরাইলিদের মাত্র ৩৩ শতাংশ দেশটির পরবর্তী নির্বাচনে লিকুদ পার্টির নেতা নেতানিয়াহুর অংশ নেওয়াকে সমর্থন করেছেন। ৮ শতাংশ ইসরাইলি বিষয়টি নিয়ে কোনো মতামত জানাননি।

৭৬ বছর বয়সি নেতানিয়াহু, যিনি বর্তমানে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি, এখন ভোটারদের বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন যে কেবল তিনিই ইসরাইলিদের নিরাপদ রাখতে পারেন।

আগামী অক্টোবরে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিরোধী দলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত সপ্তাহে বলেন, ‘আসন্ন নির্বাচন দেশের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। এটি যে কতটা গুরুত্বপূর্ণ তা বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না।’

২০২৩ সালের অক্টোবরে হামাসের আকস্মিক হামলায় ১,২০০ জন নিহত এবং ২৫০ জন অপহৃত হওয়ার পর থেকেই নেতানিয়াহুর ওপর সমর্থকদের আস্থা গভীরভাবে কেঁপে ওঠে।

এরপর গাজায় ইসরাইলের নৃশংস ও রক্তক্ষয়ী অভিযানে ৭৩,০০০-এরও বেশি মানুষ নিহত হওয়ায় বিশ্বজুড়ে ইসরাইল একঘরে হয়ে পড়ে।

গাজায় যুদ্ধাপরাধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) এই রাজনীতিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত বুধবার সমঝোতা স্মারকে সই করেন। চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে দুই পক্ষ সুইজারল্যান্ডে ৬০ দিনের সময়সীমা মাথায় রেখে আলোচনায় বসছে।

সমঝোতার অন্যতম শর্ত, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। কিন্তু ইসরাইল শুরুতে তা মানতে চায়নি। অবশেষে গতকাল শুক্রবার ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহ যুদ্ধবিরতির কথা জানায়।

এরপরও লেবাননে নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। দেশটিতে গতকাল এক দিনেই অন্তত ৪৭ জনকে হত্যা করে তারা। শনিবার ইসরাইলি হামলায় আরও অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নেতানিয়াহু দীর্ঘদিন ইসরাইলের শাসনক্ষমতায় রয়েছেন। ১৯৯৬ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। এ পদে ছিলেন ১৯৯৯ সাল পর্যন্ত। এরপর ২০০৯ সালে আবারও ইসরাইলের সরকারপ্রধান হন নেতানিয়াহু। ২০২১ সাল পর্যন্ত টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

সাময়িক বিরতির পর ২০২২ সালে আবার ইসরাইলের প্রধানমন্ত্রী হন বেনিয়ামিন নেতানিয়াহু। সেই থেকে দেশটির সরকারপ্রধানের দায়িত্বে রয়েছেন তিনি। নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকারপ্রধান।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা চুক্তিতে মোটেই খুশি হতে পারছে না ইসরায়েলিরা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিকে বহু ইসরাইলি ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন।

স্থানীয় বিশ্লেষকরা একে একটি ‘আত্মসমর্পণ’ এবং ‘লজ্জাজনক চুক্তি’ বলে আখ্যা দিয়েছেন, যা ইসরাইলের চরম আশঙ্কার চেয়েও খারাপ।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, এই চুক্তির ফলে ইরান যুদ্ধের আগের চেয়েও শক্তিশালী হয়ে পুনর্গঠিত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি লেবাননের ওপর চাপিয়ে দেওয়া এই চুক্তি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের সামরিক সক্ষমতাকে সীমিত করে দেবে বলে মনে করা হচ্ছে, যা দেশটির উত্তরের অঞ্চলের জন্য বড় হুমকি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন