কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দিবাগত রাতে কুড়িগ্রামের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আবুল কালাম আজাদ কুড়িগ্রাম জেলা সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া গ্রামের বাসিন্দা। রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় একটি এমপিওভুক্ত স্কুলে শিক্ষকতা করেন। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে থেকে জীবন যাপন করছিলেন।
ওসি কামাল হোসেন বলেন, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।






