বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর ১৫ ফুট লম্বা একটি ব্যানারসহ আদমদীঘি উপজেলা ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) রাতে আদমদীঘি সদর ইউনিয়নের তালসন গ্রামের কালিবাড়ী মোড়ে একটি চায়ের দোকানের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাকিব ওই গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সোমবার (২২ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আদমদীঘি সদর ইউনিয়নের তালসন গ্রামের কালিবাড়ী মোড়ে একটি চায়ের দোকানের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানসহ ৩৫ জন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী সমবেত হন।
সেখানে তারা আদমদীঘি থানা এলাকাসহ বগুড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, যানবাহন ভাঙচুর, সরকারি স্থাপনা ক্ষতিসাধন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করছিলেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘গ্রেপ্তার সাকিবের কাছ থেকে ১৫ ফুট বাই ৩ ফুট আকারের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি রঙিন ব্যানার উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে পূর্বের একটি নাশকতা মামলা থাকলেও এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতাসংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলায় উপজেলা ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানও আসামি ছিলেন।
বার্তা বাজার/এস এইচ






