পয়েন্ট অব অর্ডারে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বিএনপির সিনিয়র নেতা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চান। এছাড়া তিনি ঋণখেলাপি সংক্রান্ত মামলায় জড়িত দুই সরকারদলীয় সংসদ সদস্যের অবস্থান এবং শরিফ ওসমান হাদির হত্যা নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মূক্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যসহ সাম্প্রতিক বিভিন্ন গুজব নিয়েও বক্তব্য দেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বিজ্ঞ পার্লামেন্টারিয়ার মির্জা আব্বাস তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পারছি না। মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ শেখ শরীফ ওসমান হাদি প্রসঙ্গে এবং সেই গুজবে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল- ‘আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতালপাতাল হবে’। সেইসব প্রসঙ্গগুলো বাড়তে না দেওয়ার জন্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মির্জা আব্বাস চিঠি দিয়ে সংসদকে জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতির দিকে। যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন।
অন্য বিষয়গুলোর প্রসঙ্গে স্পিকার বলেন, আদালতে বিচারাধীন বিষয় এবং গুজব জাতীয় সংসদের আলোচ্য হতে পারে না। তিনি বলেন, ‘গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।’
একই সঙ্গে তিনি জানান, কোনো সংসদ সদস্যের সদস্যপদ নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এলে সংসদকে যথাসময়ে তা জানানো হবে।
বার্তা বাজার/এস এইচ





