ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি

Authorরেডিও বার্তা ডেস্ক

আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৩:৪২ পিএম

পিআর পদ্ধতি সংবিধানে নেই, সংবিধানের বাইরে যেতে পারি না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, সংবিধানে আনুপাতিক ভোট ব্যবস্থা (PR পদ্ধতি) নেই। তাই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক থাকলেও আইন পরিবর্তন ছাড়া তা কার্যকর হবে না বলে তিনি স্পষ্ট করে দেন।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

রমজানের আগে নির্বাচন আয়োজন

সিইসি বলেন, “নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে আমরা কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতরে যেতে চাই না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি চলছে। আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে।”

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ হয়েছে, ভোটকেন্দ্রের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে এবং আগামী রবিবার থেকে সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানি শুরু হবে, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত

সিইসি নাসির উদ্দীন বলেন, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আগের মতো জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের পুনঃপদায়নের কোনো পরিকল্পনা নেই।

ভোটকেন্দ্র দখল নিয়ে কঠোর হুঁশিয়ারি

তিনি বলেন, “যারা বাক্স দখলের স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন ভেঙে যাবে। ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যান। কেউ কেন্দ্র দখল করলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করা হবে।”

এছাড়া যারা অস্ত্র ব্যবহার করে ভোটে প্রভাব বিস্তার করতে চাইবেন তাদের জন্যও কড়া বার্তা দেন সিইসি। তিনি দাবি করেন, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশন কঠোর অবস্থানে থাকবে।

নির্বাচন কর্মকর্তাদের বিষয়ে অবস্থান

সিইসি জানান, নির্বাচন কমিশনের অধীনে প্রায় ৫৭০০ কর্মকর্তা রয়েছেন। তারা আগেও দায়িত্ব পালন করেছেন এবং এবারও দায়িত্ব পালন করবেন। তবে যারা অতীতে অনিয়ম করেছিলেন তাদের রাখা হবে না।

সরকারের চাপ প্রসঙ্গে মন্তব্য

সিইসি বলেন, “সরকার যদি আমাকে নির্বাচন নিয়ে চাপ দেয়, তাহলে আমি পদত্যাগ করব, চেয়ারে বসে থাকব না। তবে এখন পর্যন্ত কোনো চাপ দেওয়া হয়নি।”

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। তাদের বিচার চলছে। বিচার চলাকালীন সময়ে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে।”

পরে সিইসি রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন পরিচালনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!