বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর সেই সাফল্য ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করেছেন মিসরের কোচ হোসাম হাসান। একই সঙ্গে গাজাসহ আরব বিশ্বের বিভিন্ন স্থানে এই জয় উদ্যাপন করেছেন সমর্থকেরা।
শুক্রবার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১–১ গোলে সমতা ছিল। পরে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পায় মিসর।
টাইব্রেকারে মিসরের হয়ে জয়সূচক শট নেন হোসাম আবদেলমাগুইদ। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে হ্যারি সাউতার ও লুকাস হ্যারিংটন নিজেদের শট থেকে গোল করতে ব্যর্থ হন। এই জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিসর।
ম্যাচের ১৩তম মিনিটে হেড থেকে মিসরকে এগিয়ে দেন ইমাম আশুর। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, ‘আল্লাহ তাদের (ফিলিস্তিনিদের) বিজয় দান করুন, তাদের শহীদদের প্রতি আল্লাহ রহম করুন। আমি এই জয় মিসরের জনগণ এবং ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করছি। তারা মহান ও সম্মানিত মানুষ।’
জয়ের পর মাঠে মিসর ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে প্রবেশ করেন হোসাম হাসান। এরপর পুরো দল একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মিসরের প্রথম জয়।
মিসরের এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেক ফিলিস্তিনি সমর্থক। গাজার বাসিন্দা তামের নাহেদ লেখেন, ‘এই প্রথম এত উত্তেজনা নিয়ে বিশ্বকাপ দেখছি। কিছুক্ষণ আগে মিসরের জয়ে খুব আনন্দ পেয়েছি। তবে সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল, হাজারো মানুষ তাঁবু ও ধ্বংসস্তূপের মাঝ থেকে বেরিয়ে এসে একসঙ্গে খেলা দেখেছে। চারদিকে ছিল হাসিমুখ আর উল্লাস। চারপাশের সব কষ্টের মধ্যেও যেন সবাই কিছুটা সময়ের জন্য জীবনকে ফিরে পেয়েছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্যে দেখা যায়, ধ্বংসপ্রাপ্ত ভবন ও অস্থায়ী তাঁবুর পাশে বড় পর্দায় খেলা দেখছেন গাজার মানুষ। অনেকের হাতে ছিল মিসরের পতাকা। অনেক শিশুর মুখেও আঁকা ছিল সেই পতাকার রঙ।
এদিকে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে মিসর দলের কয়েকজন সদস্যের সঙ্গে ডালাস পুলিশের সদস্যদের বাগ্বিতণ্ডার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মিসর জাতীয় দল জানায়, দলীয় পরিচালক ইব্রাহিম হাসান এবং খেলোয়াড় ত্রেজেগে দলীয় হোটেলে এক সমর্থকের সঙ্গে ছবি তুলতে গেলে এক পুলিশ কর্মকর্তা তাদের ধাক্কা দেন। তবে ডালাস পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয়েছে।
বার্তা বাজার/এস এইচ






