ঢাকা   রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:০২ পিএম

ভিক্ষা করে ৭০ টাকা দিয়েছিলেন নির্বাচনী তহবিলে, বদলে পেলেন নতুন ঘর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো টাকা থেকে স্বতন্ত্র প্রার্থী মো. সালমান ওমর রুবেলের নির্বাচনী তহবিলে ৭০ টাকা দিয়েছিলেন রিনা স্নাল (৭১)। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম মাসের সম্মানীর টাকা থেকে রিনা স্নালের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছেন ওই সংসদ সদস্য।

শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘরটি রিনা স্নালের কাছে হস্তান্তর করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু কয়েক বছর আগে মারা যান। জীবদ্দশায় তিনি বাঁশ ও বেতের কাজ করে সংসার চালাতেন। স্বামীর মৃত্যুর পর রিনা স্নাল কিছুদিন দিনমজুরি করলেও বয়স ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় পরে ভিক্ষাকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেন।

রিনা স্নালের একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর আলাদা হয়ে যান। বর্তমানে তিনি সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করেন। বৃদ্ধা রিনা স্নাল দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন একটি জরাজীর্ণ ঘরে।

স্থানীয়রা বলেন, রিনা স্নালের দেখভালের তেমন কেউ নেই। ভিক্ষা করে তার দৈনন্দিন জীবন চলত। নতুন ঘর পাওয়ায় তিনি নিরাপদে বসবাসের সুযোগ পেলেন।

সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, ‘নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা আমার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। সেই ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।’

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, ‘ভাবিনি জীবনের এই বয়সে নতুন ঘরে থাকতে পারব। যারা আমাকে এই ঘর করে দিয়েছেন, তাদের জন্য আমি দোয়া করি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন