গত দুইদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজার জেলার ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কক্সবাজার জেলায় ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী তিন দিন আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজার সদর পৌরসভা এলাকায় একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। জেলার কোথাও বড় ধরনের পানিবন্দি হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, জরুরী পরিস্থিতি বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে খুব শিগগির একটি কন্ট্রোল রুমের জরুরি নম্বর প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শুকনো খাবার, পুষ্টিকর খাদ্য এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।
জেলার যেকোনো প্রান্তে জরুরি পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুমের মাধ্যমে দ্রুত সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।






