ইউরোপীয় পার্লামেন্টের কয়েক ডজন আইনপ্রণেতা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত শুরুর দাবি তুলেছেন। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে এই দাবি উঠেছে।
গত ১ জুলাই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বালোগুন। প্রচলিত নিয়ম অনুযায়ী পরের ম্যাচে তার খেলার সুযোগ ছিল না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বলে অভিযোগ উঠেছে। এরপরই ইনফান্তিনোর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য।
ব্যারি অ্যান্ড্রুজ, লারা উলটার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্ট চলাকালীন লাল কার্ডের শাস্তির নিয়ম বদলে দেওয়া ফুটবলের ন্যায়বিচার ও স্বচ্ছতার পরিপন্থি। তাদের অভিযোগ, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে ফিফা।
আইনপ্রণেতারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাগুলোকে ফিফার এথিকস কমিটির কাছে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানানোর আহ্বান জানিয়েছেন। তারা জানতে চান, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্প প্রশাসনের কোনো প্রভাব ছিল কি না এবং ফিফা রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছে কি না।
এদিকে ফিফা জানিয়েছে, বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তাদের ডিসিপ্লিনারি কমিটি। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা। ইতোমধ্যে ৩৫ সদস্য তদন্ত দাবির পক্ষে স্বাক্ষর করেছেন।
তাদের ভাষ্য, খেলাধুলার সৌন্দর্য নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর নির্ভরশীল। রাজনৈতিক প্রভাবের কারণে নিয়ম বদলে গেলে ফুটবলের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হয়।
বার্তা বাজার/এস এইচ






