ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমলো স্বর্ণের দাম
এমটিনিউজ২৪ ডেস্ক : সবশেষ সমন্বয়ে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। এখন প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় বিক্রি হচ্ছে।
এ নতুন দাম গতকাল বৃহস্পতিবার সমন্বয় করা হয়। যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ ওই দামেই সোনা বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৪৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য।






