শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ চার দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের টাউন হল মোড় এলাকায় সড়ক অবরোধ করলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‘এইচএসসি শিক্ষার্থী’ ব্যানারে নগরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা টাউন হল এলাকায় জড়ো হয়ে সড়কে ব্যারিকেড দেন। এতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। তাদের ব্যানারে লেখা ছিল, ‘বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণ করা যাবে না।’
আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—স্বাভাবিক আবহাওয়া ও অনুকূল পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড পরিহার, যৌক্তিক কারণে কেউ পরীক্ষায় অনুপস্থিত থাকলে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের প্রকাশ্যে জবাবদিহি নিশ্চিত করা। শিক্ষার্থীদের ভাষ্য, তার জবাব সন্তোষজনক না হলে তাকে পদত্যাগ করতে হবে।
বিক্ষোভে তারা ‘নিরাপদ পরিবেশ নেই তো পরীক্ষা নেই’ এবং ‘নিরাপত্তাই সবার আগে, আমাদের নিরাপত্তা আমাদের অধিকার’—এমন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এলাকায় বন্যা এবং দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতেও পরীক্ষা স্থগিত করা হয়নি। অনেক শিক্ষার্থী বুকসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। কোথাও আবার ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দেশের বিরূপ আবহাওয়ার কারণে চলমান পরীক্ষা স্থগিত করা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার মৌলিক পরিবর্তনের পরিবর্তে শুধু পরীক্ষা পরিচালনায় কঠোরতা বাড়ানো হয়েছে। পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও কড়াকড়ি থাকলেও শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ‘শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। শান্তিপূর্ণভাবেই পরিস্থিতির সমাধান হবে বলে আশা করছি।’
বার্তা বাজার/এস এইচ






