ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩ দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, শিক্ষা বোর্ডে কড়া নিরাপত্তা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম

৩ দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, শিক্ষা বোর্ডে কড়া নিরাপত্তা

বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টির মধ্যে পরীক্ষা গ্রহণের প্রতিবাদে এবং তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর ষোলশহর এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তীব্র বর্ষণ ও প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনা না করেই তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। বৃষ্টির মধ্যে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে গিয়ে ইতিমধ্যে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া অনেকের ক্যালকুলেটর, প্রবেশপত্র (এডমিট কার্ড) ও প্রয়োজনীয় জরুরি কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে।

শিক্ষার্থীদের ঘোষিত প্রধান ৩টি দাবি হলো:

পরীক্ষা স্থগিত: বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখতে হবে।

পুনরায় পরীক্ষা: গত ১২ ও ১৩ জুলাই অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে।

কাগজপত্র সরবরাহ: বৃষ্টির কারণে যেসব পরীক্ষার্থীর এডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট বা হারিয়ে গেছে, তাদের দ্রুততম সময়ের মধ্যে বোর্ড থেকে বিনামূল্যে পুনরায় সরবরাহ করতে হবে।

শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়েছেন, সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে এবং কোনো নির্দিষ্ট অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া যাবে না।

শিক্ষার্থীদের এই অবরোধের ফলে ষোলশহর শিক্ষা বোর্ড সামনে সড়কের একপাশ ব্যবহার করে যানবাহন চলাচল করলেও অন্যপাশে তীব্র যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

পরিস্থিতি সম্পর্কে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) সোহেল পারভেজ জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করছে। একইসাথে সড়কে যানবাহন চলাচল দ্রুত স্বাভাবিক করতে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন