ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:২৪ এএম

প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে দলীয় কর্মী ও সাধারণ লোকজনের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবন এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এ ঘটনা ঘিরে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তারা মাজার প্রাঙ্গণে কিছু সময় নীরবতা পালন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে মাজার প্রাঙ্গণে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ লোকজনের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

সংসদ ভবন এলাকায় ধস্তাধস্তি ও উত্তেজনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনেকে ঘিরে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ লোকজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তা হাতাহাতির দিকে গড়ায়। পরিস্থিতি শান্ত করতে প্রতিমন্ত্রী নিজেই এগিয়ে এলে তাকে ঘিরে আরও উত্তেজনা সৃষ্টি হয়। অনেকে পেছন থেকে প্রতিমন্ত্রী ইশরাককে হেনস্তার চেষ্টাও করেন। এ সময় এক পুলিশ সদস্য তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ ঘটনা ঘিরে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে কোনো বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ২৫ জুলাই নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ তর্ক-বিতর্কের সৃষ্টি হলে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এতে আরও বলা হয়, পরিস্থিতি শান্ত করতে তিনি নিজেই এগিয়ে যান, সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান এবং অবরুদ্ধ সড়ক যান চলাচলের উপযোগী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।

বিবৃতিতে দাবি করা হয়, বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে ইশরাক হোসেন তাদের মাঝখানে দাঁড়িয়ে দূরত্ব সৃষ্টি করেন। পরে তিনি উভয় পক্ষকে ঘটনাস্থল ত্যাগের নির্দেশ দেন।

এতে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার এবং প্রতিমন্ত্রীর ভূমিকা সম্পর্কে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিবৃতিতে আরও বলা হয়, ইশরাক হোসেন সবসময় শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পেছনে কোনো উসকানি বা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সবাইকে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন