ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের জ্ঞানের অভাব আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, একবার নয়, বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল। এখনো দায়িত্ব পালন করছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ড সেটআপ ওভাবেই তৈরি হয়েছে।

সোমবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের ও পল্লী মেলার উদ্বোধন, সুফলভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমিরের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখা উচিত। জামায়াত গণতান্ত্রিক দল কিনা, সেই বিষয়ে তারাই বিচার করবেন। বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও তাদের ভোটে বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করেছে দলটি, তাই বিএনপিকে ফ্যাসিবাদের দল বলা ঠিক নয়।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। বর্তমানে সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দলই প্রার্থী চূড়ান্ত করবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রার্থীদের যোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। চলতি বছরের শেষদিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

রংপুরে পল্লী উন্নয়ন বোর্ড বিভাগীয় কার্যালয়ের আয়োজনে পল্লী মেলার উদ্বোধন করেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সরকার সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে চায়। সরকারের চার মাসের মধ্যে কৃষি উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষিতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী নারী উন্নয়ন ও নারীদের কাজের বিষয়ে বলেন, গ্রামীণ অঞ্চলের নারীদের তৈরি হস্তশিল্পের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এসব পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় গঠিত বিভিন্ন সমিতির সদস্যরা নিজেদের উদ্যোগ ও পরিশ্রমের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠছেন। তাদের এই অগ্রযাত্রা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নারী শিক্ষার ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে নারীরা স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ পাচ্ছেন।

বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তাই বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হবে। এতে তারা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

পরে রংপুর টাউন হল মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন মন্ত্রী। সেখানে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমির সচিব, বিআরডিবির মহাপরিচালক, জেলা ও মহানগর বিএনপির নেতাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন