জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি রক্তাক্ত জুলাইয়ের ইতিহাস ভুলতে বসেছে। এ কারণেই জুলাই নিয়ে তাদের কর্মসূচি দেখা যায়নি। ক্ষমতায় বসার সঙ্গে বিএনপি জুলাইকে অস্বীকার করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সোমবার জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের জনসভায় এসব কথা বলেন গোলাম পরওয়ার।
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা ব্রিজ মোড়ে অনুষ্ঠিত এ জনসভায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে ইঙ্গিত করে বলেন, জনগণ সর্বমন্ত্রী নামে চেনে সেই মন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিয়েছেন, বিএনপি সংস্কারের পক্ষে মত দিয়েছে কেবল নির্বাচন আদায়ে। জনগণের সঙ্গে দ্বিচারিতা, বিশ্বাসঘাতকতায় বুঝা যায় বিএনপি জুলাই চেতনায় বিশ্বাস করে না।
গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করে গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সংষ্কার ইস্যুতে যেই রাজনৈতিক সংকট তৈরি করেছে, তা তাদেরকেই নিরসন করতে হবে। সংসদে নিষ্পত্তি না হলে জনগণকে সঙ্গে নিয়ে ১১ দলীয় ঐক্য রাজপথে ফয়সালা করবে।
সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখল, খুন, লুটপাট, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করে গোলাম পরওয়ার বলেছেন, মির্জা ফখরুল ইসলাম নিজেই স্বীকার করেছেন, ক্ষমতা গ্রহণের ৫ মাসেও সরকার কোনো কিছুর পরিবর্তন করতে পারেনি।
মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে জনসভায় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বিএনপিকে ক্ষমতায় বসাতে জুলাই হয়নি। হয়েছিল ফ্যাসিবাদের বিলোপ করে সংস্কারের জন্য।
আরেক সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লব হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু নির্বাচনের পর দেখা যাচ্ছে প্রশাসনের নিরপেক্ষতার পরিবর্তে আবারও দলীয় বিবেচনায় নিয়োগ হচ্ছে। নির্বাচন কমিশনের মত সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ চলছে।
সমাবেশে আরও বক্তৃতা করেন দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি প্রমুখ।






