প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বহুল আলোচিত এবং দ্বিতীয়বারের মতো দল থেকে সাময়িক অব্যাহতি পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক মেহেদী হাসান এ নির্দেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এদিকে আদালত চত্বরে ছাত্রদলের নেতাকর্মী বিভিন্ন শ্লোগান দেন ও তানভীরকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ও ডিবির ওসি ইকবাল বাহার জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট সাইবার সুরক্ষা আইনে সদর থানায় একটি মামলা করেন। মামলার পর গাজী সালাউদ্দিন তানভীর ঢাকার মিরপুরের পূর্ব মনিপুর এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে বগুড়ায় এনে বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তা মঞ্জুর না করে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে তানভীরকে গ্রেফতারের খবরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সকাল থেকে আদালত চত্বরে অবস্থান নেন। পুলিশ প্রহরায় তানভীরকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পুলিশ তাকে দ্রুত গাড়িতে তুলে জেল হাজতে নিয়ে যায়।
ছাত্রদল নেতা রাফিউল আল আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার কৃতি সন্তান। তাকে নিয়ে তানভীর আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা গাজী সালাউদ্দিন তানভীরের সর্বোচ্চ শাস্তি দাবি করছিল।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে বুধবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। এ ব্যাপারে পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/আইকে






