ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত সৌদি আরবকে উদ্দেশ করে বলেছেন, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না। আজ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মাহদি আল-মাসাত বলেন, এই ধরনের চুক্তিগুলো পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলে না, এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বহাল থাকবে। যে কেউ সৌদি আগ্রাসন ও আমাদের দেশের বিরুদ্ধে ১২ বছর ধরে চলমান অবরোধে অংশীদার হতে চায়, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব, এমনকি যদি এই অংশীদারিত্ব প্রতারণামূলক নামে আচ্ছাদিত করা হয়।
তিনি আরও বলেন, ন্যায্য ও সম্মানজনক শান্তি এবং সৌভ্রাতৃত্বের মূল্য যুদ্ধ ও আগ্রাসনের চেয়ে অনেক কম।
উল্লেখ্য, শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম দেয়া হয়েছে ‘মক্কা সন্ধি’।
সূত্র: পার্সটুডে






