বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়। এটি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফসল। কিন্তু জামায়াত-এনসিপি জুলাই সনদের কথা বলে নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়।
শনিবার (৮ আগস্ট) নরসিংদী জেলা বিএনপির আয়োজনে শিশু একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মধ্যে অনুদান প্রদান এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, তারা বলে যে ‘আমাকে মারো’, মারলে তারা সিম্প্যাথি পাবে। এজন্য তারা অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ ও বিএনপির বিরুদ্ধে বিষোদগার করার চেষ্টা করছে।
এ সময় আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একটা সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলত, এই চেতনার কথা বলতে বলতে আজকে তারা বাংলাদেশে পতনই হয় নাই, তাদের দিল্লিতে গিয়ে কবর হয়েছে। এই দল আর ১০০ বছরেও বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।
এছাড়া জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।






