আওয়ামী লীগ সরকারের আমলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আগামী ২৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। আদালত আবেদনটি মঞ্জুর করে আগামী ২৭ আগস্ট তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক এ সেনা কর্মকর্তা।
এর আগে, ২০২৫ সালের ৩ জুন ক্ষমতাচ্যুত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে নিজের গুম হওয়ার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ।
অভিযোগে অন্য ছয়জন হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলামের নাম উল্লেখ করা হয়।
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেয়া হয় বলে অভিযোগ রয়েছে। প্রায় দুই মাস পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার সন্ধান পায় স্থানীয় পুলিশ।
পরে সালাহউদ্দিনকে আটক করে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।
বার্তা বাজার/আইকে






