মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইমন সরদার বলেন, আমার ঘরের সামনে কিভাবে বোমা বিস্ফোরিত হলো- আমি জানি না।
মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান জানান, তার মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।






