রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে পেট্রোল পাম্পের কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে (৪১) সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পেট্রোল পাম্পের মালিক তাসীন আক্তার হক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে বিকেলে আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম।
রিমান্ড আবেদনে বলা হয়, সাগর বাড়ৈ তার সহযোগীদের সঙ্গে যোগসাজশে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। তার নাম-ঠিকানা নিয়েও সন্দেহ রয়েছে এবং তা যাচাই করা হচ্ছে। মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদে তিনি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হওয়ায় বিভিন্ন কৌশলে অসংলগ্ন তথ্য দিয়েছেন। সময়ের স্বল্পতার কারণে তাকে ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
আবেদনে আরও বলা হয়, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারের স্বার্থে আসামিকে ১০ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাঁর বিরুদ্ধে একই ধরনের আরও নয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এআর






