রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক অর্ণব দাস (৩২) নামে আটক হওয়া সেই যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত আজ শনিবার এ আদেশ দেন।
এর আগে অর্ণব দাসকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া তথ্য এবং নাম-ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি পুনরায় সন্ত্রাসবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়ানোর আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে আসামিকে পুলিশ রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া, ডি কে গায়েন টিটোসহ কয়েকজন তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শুনানির সময় আসামিকে আদালতের এজলাসে তোলা হয়নি।
এর আগে, শনিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাসকে আটক করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার অর্নব দাস নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী।
এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক বাবন উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
বার্তা বাজার/এআর






