ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে বিধিমালা লঙ্ঘন করে নতুন সভাপতি নিয়োগের অভিযোগে আন্দোলনে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগে একাধিক যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও তাঁদের কাউকে সভাপতি হিসেবে নিয়োগ না দিয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে নিজ বিভাগের শিক্ষককে সভাপতি নিয়োগের দাবিতে তাঁরা এই কর্মসূচিতে গিয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগে তালা ঝুলিয়ে দেন। পরে তাঁরা ব্যবসায় প্রশাসন ভবনের প্রধান ফটকেও তালা দিয়ে অবরোধ করেন। এতে ভবনটিতে থাকা ছয়টি বিভাগের অন্তত চার শতাধিক শিক্ষার্থী আটকা পড়েন। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেন।
জানা গেছে, ১৬ আগস্ট মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. সাদেকুল আজাদের মেয়াদ শেষ হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়াকে বিভাগটির সভাপতি হিসেবে নিয়োগ দেন।
তবে বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিয়োগ বিধিমালা অনুযায়ী, কোনো বিভাগে সর্বোচ্চ ক্যাটাগরিতে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে সবচেয়ে সিনিয়র শিক্ষককে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার কথা। পরবর্তী সময়ে রোটেশন পদ্ধতিতে দায়িত্ব দেওয়ার বিধান রয়েছে।বিধিমালায় আরও বলা হয়েছে, কোনো বিভাগে সভাপতি হওয়ার যোগ্য শিক্ষক না থাকলে বর্তমানে দায়িত্বে থাকা সভাপতিকে পুনরায় মেয়াদের জন্য নিয়োগ দেওয়া যাবে। তবে তিনি অন্তর্বর্তীকালীন সময়ে দায়িত্ব পালনে সম্মত না হলে সংশ্লিষ্ট অনুষদের ডিনকে ওই দায়িত্ব দেওয়া হবে।
বিধিমালা অনুযায়ী, ‘সিনিয়র’ বলতে পদবি বা পদমর্যাদায় সিনিয়র বোঝাবে; বয়স বা চাকরির মেয়াদকে সিনিয়রিটির ভিত্তি ধরা হবে না। একই পদমর্যাদায় একাধিক শিক্ষক থাকলে ওই পদে চাকরির মেয়াদের ভিত্তিতে সিনিয়রিটি নির্ধারণ করা হবে। চাকরির মেয়াদও সমান হলে বর্তমান পদে পদোন্নতি বা নিয়োগের সময় যাঁর নাম ক্রমানুসারে আগে ছিল, তাঁকে সিনিয়র হিসেবে গণ্য করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘নিয়মানুযায়ী বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষককেই সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এ বিষয়টি সম্পর্কে আমি বলতে পারব না। উপাচার্য যেভাবে নিয়োগ দিয়েছেন, আমি সেভাবেই চিঠিতে স্বাক্ষর করেছি।’
বার্তা বাজার/এআর






