ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোদির মন্তব্যের পর ‘দিমাগি নকশাল’ পার্টির আত্মপ্রকাশ, এক দিনেই অনুসারী ২ লাখ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

মোদির মন্তব্যের পর ‘দিমাগি নকশাল’ পার্টির আত্মপ্রকাশ, এক দিনেই অনুসারী ২ লাখ

ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশাল’ শব্দটি ব্যবহারের ২৪ ঘণ্টার মধ্যেই একই নামে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করেছে একটি নতুন রাজনৈতিক ব্যঙ্গাত্মক সংগঠন। ‘দিমাগি নকশাল জনতা পার্টি’ নামে সংগঠনটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার এক দিনের মধ্যেই অনুসারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। পরে অ্যাকাউন্টটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলেও আবার সক্রিয় হয়। সংগঠনটির দাবি, তাদের অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছিল।

গত ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেওয়া ভাষণে মাওবাদ ও নকশালবাদ নিয়ে কথা বলার সময় ‘দিমাগি নকশাল’ শব্দটি ব্যবহার করেন মোদি।

তিনি বলেন, সশস্ত্র মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেলেও মাওবাদী চিন্তাধারার সঙ্গে যুক্ত কিছু মানুষ এখনো সমাজে সক্রিয়। তারা তরুণদের প্রভাবিত করার এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

মোদি এসব ব্যক্তিকে ‘দিমাগি নকশাল’ হিসেবে উল্লেখ করে সমাজ থেকে তাদের বিচ্ছিন্ন করার আহ্বান জানান।

এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’। সংগঠনটি নিজেদের রাজনৈতিক ব্যঙ্গ ও প্রতিবাদের একটি মঞ্চ হিসেবে তুলে ধরেছে।

সংগঠনটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও রাজনৈতিক ঘটনাকে ব্যঙ্গ করে লেখা, ছবি ও বিভিন্ন পোস্ট প্রকাশ করা হয়। মাত্র ২৪ ঘণ্টায় অ্যাকাউন্টটিতে ৬২টি পোস্ট দেওয়া হয়।

এই অল্প সময়েই অনুসারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। সংগঠনটি প্রায় ৩৫টি অ্যাকাউন্ট অনুসরণ করছিল। চলতি মাসেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল বলে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য থেকে জানা গেছে।

তবে কারা এই অ্যাকাউন্ট পরিচালনা করছেন, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার সকালে কয়েক ঘণ্টার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুঁজে পাওয়া যায়নি। অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলে সেটি সরিয়ে দেওয়া হয়েছে বা লিংকটি অকার্যকর—এমন বার্তা দেখানো হচ্ছিল।

পরে অ্যাকাউন্টটি আবার সক্রিয় হয়। এরপর সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়েছে। এক পোস্টে তারা জানায়, তাদের কণ্ঠ থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও তারা পিছু হটবে না।

সংগঠনটির মূলমন্ত্র হিসেবে বলা হয়েছে—‘ভাবুন, গবেষণা করুন, প্রতিরোধ করুন’।

সংগঠনটির পরিচিতিতেও রয়েছে ব্যঙ্গাত্মক বক্তব্য। সেখানে প্রতিষ্ঠাতাকে ‘দিমাগি ভারতীয়’ এবং সহপ্রতিষ্ঠাতাকে ‘৫৬ ইঞ্চি’র একজন ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন পোস্টে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ভগৎ সিংহের আদর্শ অনুসরণের কথা বলা হয়েছে। সংগঠনটি নিজেদের ভগৎ সিংহের অনুসারী বলেও দাবি করেছে।

তাদের বক্তব্য, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া বা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হলে তা ভগৎ সিংহের আদর্শের প্রতি অসম্মান হবে।

এক্সেও সক্রিয়

ইনস্টাগ্রামের পাশাপাশি ‘দিমাগি নকশাল জনতা পার্টি’ এক্সেও সক্রিয় হয়েছে। সেখানে অনুসারীর সংখ্যা তুলনামূলক কম হলেও সংগঠনটির বিভিন্ন পোস্ট কয়েক হাজারবার দেখা হয়েছে। এক্স অ্যাকাউন্টটি চলতি বছরের আগস্টে খোলা হয়েছে বলে জানা গেছে।

তরুণদের মধ্যে রাজনৈতিক ব্যঙ্গের জনপ্রিয়তা

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যঙ্গ এখন তরুণদের প্রতিবাদের অন্যতম মাধ্যম হয়ে উঠছে। এর আগে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপিকে ঘিরেও তরুণদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন নতুন ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চ সামনে আসছে।

‘দিমাগি নকশাল জনতা পার্টি’র অনুসরণ তালিকায় কৌতুকশিল্পী কুণাল কামরা, ইউটিউবার ধ্রুব রাঠি, অভিনেতা প্রকাশ রাজ, চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী সোনাক্ষী সিনহা, কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলা, সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং সাংবাদিক রবীশ কুমারের মতো পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন