ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। ফিলিস্তিনে ২০০ শয্যার একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। হাসপাতালটিতে আধুনিক কিৎসাসেবা এবং একটি ট্রমা সেন্টার থাকবে। এদিকে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ভারতে আবদুল্লাহ আবু শাওয়েশ ২০২৮-২৯ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা যখন জাতিসংঘের সামগ্রিক সংস্কার এবং বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কারের কথা বলতাম, তখন দক্ষিণের একটি দেশ হিসেবে আমাদের অন্যতম আবেদন ছিল—ভারত যেন অন্তত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য দেশগুলোর একটি হয়।’
ফিলিস্তিন সফরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে ফিলিস্তিনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার সমঝোতাও রয়েছে। ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ প্রেসের আওতায় এ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। সেখানে মুদ্রণশিল্পের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।ভারত ও ফিলিস্তিনের মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদন: টাইমস অব ইন্ডিয়া
এআর






