ঢাকা   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইনজীবি সাইফুল হত্যা মামলা: তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, আসামিপক্ষের দুই আবেদন নামঞ্জুর

Authorনিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম

আইনজীবি সাইফুল হত্যা মামলা: তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, আসামিপক্ষের দুই আবেদন নামঞ্জুর

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী হিসেবে অ্যাডভোকেট ফরিদুল আলমের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির তাঁর জবানবন্দি রেকর্ড করেন। আদালতে ফরিদুল আলম নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করে সাক্ষ্য দেন।

এদিন মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিনের আবেদন এবং রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীকে জেরার জন্য সময় চেয়ে পৃথক দুটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুটিই নামঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলার গুরুত্বপূর্ণ একজন প্রত্যক্ষদর্শী হিসেবে অ্যাডভোকেট ফরিদুল আলম আদালতে তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন। আসামিপক্ষ সাক্ষীকে জেরার জন্য সময় চাইলেও আদালত তা অনুমোদন করেননি।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, বারবার সময় চাওয়ার কারণে বিচারিক কার্যক্রম বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এতে মামলার স্বাভাবিক গতি ব্যাহত হতে পারে। রাষ্ট্রপক্ষ নির্ধারিত সময়ে সাক্ষ্যগ্রহণ শেষ করে দ্রুত মামলাটির নিষ্পত্তির দিকে যেতে চায়।

শুনানির সময় চিন্ময় কৃষ্ণ দাসকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। মামলার অন্য আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুন তৎকালীন সিএমপির কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার ও মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। চার্জশিটে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৯ জনকে আসামি করা হয়।

জুন মাসে মামলাটি বিচার উপযোগী হওয়ায় ম্যাজিস্ট্রেট আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। বর্তমানে মামলার ৩৯ আসামির মধ্যে ২৭ জন কারাগারে রয়েছেন এবং ১২ জন পলাতক।

নিহত সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে গত ২ ফেব্রুয়ারি মামলার বিচারিক সাক্ষ্যপর্ব শুরু হয়। বৃহস্পতিবারের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট তিনজনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন