জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের সব গণবিরোধী অবস্থানের নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানিয়ে যাবে জামায়াত।
রাজধানীর মিন্টো রোডে আজ সোমবার সকালে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় গণমাধ্যমের পাশে থাকতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সংবাদপত্রের সম্পাদকরা।
বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার গণতান্ত্রিক অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে পত্রিকার সম্পাদকদের প্রতি সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।
এদিন সরকারের ১৮০ দিনের মূল্যায়ন নিয়ে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ সময় দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহে বিএনপি সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।






