চার মাসব্যাপী বুনিয়াদি পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রথম স্থান অর্জন করে ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হিট প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের কাছ থেকে ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড গ্রহণ করেন মো. আশরাফুল ইসলাম। একই অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলামের কাছ থেকে মেরিট অ্যাওয়ার্ডও গ্রহণ করেন তিনি।
চার মাসব্যাপী এ প্রশিক্ষণে দেশের প্রায় ৩৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক দুটি ব্যাচে অংশ নেন। উচ্চশিক্ষার শিক্ষকদের আধুনিক শিক্ষাদান ও শিখন-পদ্ধতি, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন, গুণগত মান নিশ্চিতকরণ এবং অনলাইন শিক্ষাদান বিষয়ে দক্ষতা বৃদ্ধিই ছিল প্রশিক্ষণের মূল লক্ষ্য।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে মো. আশরাফুল ইসলাম বলেন, প্রশিক্ষণ থেকে শিক্ষাদান ও শিখন-পদ্ধতি, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন ও গুণগত মান নিশ্চিতকরণসহ উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পেশাগত জীবনে কার্যকরভাবে প্রয়োগ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে শিক্ষাদান, শেখার পরিবেশ এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে চান।
এ প্রশিক্ষণ আয়োজনের জন্য ইউজিসি ও হিট প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা জানান আশরাফুল ইসলাম। পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রতিও ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারুল্লাহ চৌধুরী। সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
এ ছাড়া ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান ও কোর্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য দেন।






