ঢাকা   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তার মনে রাখা উচিত ছিল, শাহবাগই ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম

তার মনে রাখা উচিত ছিল, শাহবাগই ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আচরণ ও বক্তব্যের সমালোচনা করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তার অভিযোগ, বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সংসদ থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাহের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়ই বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকেও উনি এ রকম কথাই বলেছেন যে এগুলো পল্টন না, এটা শাহবাগ না। এটা ওনার মনে রাখা উচিত ছিল, আজকে যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা শাহবাগের প্রোডাক্ট। শাহবাগই ওনাকে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে।’

জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘আমরা কিন্তু ওনার বক্তৃতার ব্যাপারে বহু কমেন্ট করতে পারি। কিন্তু আমরা যেহেতু একটি কালচারড, সিভিলাইজড একটা সংসদ তৈরি করার জন্য চেষ্টা করছি, সে জন্য আমরা সমালোচনা করি।…আমাদের বিরোধীদলীয় নেতা আমির জামায়াত থেকে শুরু করে আমাদের সিনিয়র নেতারা যখন বক্তব্য দেন, আমরা প্রতিটি শব্দ, বাক্যের দিকে লক্ষ রাখি, যেটা সংসদকে কোনোভাবে যেন হীন বা কলুষিত করতে না পারে।’

বিএনপি সরকার বিরোধী দলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন তাহের। তিনি বলেন, ‘যেসব ডেভেলপমেন্ট ফান্ড থাকে সরকারের, এগুলো বিএনপি তার লোকদের দিচ্ছে। উই আর ইকুয়ালি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অব দ্য পিপল। আমরা লাখ লাখ ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছি। কিন্তু বিরোধী দলের এমপিদের এসব বরাদ্দ দেওয়া হচ্ছে না। ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের পুরো আন্দোলন ছিল বৈষম্যবিরোধী আন্দোলন আর এই বৈষম্যে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি।’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তাহের। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, তেল, সার ও বীজের সংকটের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও উদ্বেগজনক বলে দাবি করেন তিনি। এ অবস্থায় বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে জরুরি সংসদ অধিবেশন আহ্বানের অনুরোধ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তাহের বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে জরুরি সংসদ অধিবেশন ডাকার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেই চিঠির অনুরোধে কোনো সংসদ অধিবেশন সরকার ডাকেনি। হঠাৎ করে ২৭ আগস্ট সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। বিরোধী দল ভেবেছিল, চিঠির বিষয়ে আলোচনা হবে। কিন্তু দুঃখজনকভাবে সেটা এজেন্ডা ছিল না।’

বিরোধী দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দ না দেওয়ার অভিযোগও করেন তাহের। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও বিএনপি সরকারের অবস্থানের সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, গণভোটকে যদি সংবিধানের আওতার বাইরে বলা হয়, তাহলে একই প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দলের কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে তাহের বলেন, জনগণের কাছে বিএনপির অবস্থান তুলে ধরতেই লংমার্চের আয়োজন করা
হচ্ছে।

দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিরও সমালোচনা করেন তিনি বলেন, ‘আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছিলেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। এখন আমরা দেখছি জিরোটা আছে; কিন্তু তার বাঁয়ে আরও ১০০ যোগ হয়ে গেছে। তাইলে কত হয়? ১০০০ হয়। সেই হারেই দুর্নীতি চলছে।’

চাঁদাবাজি কোনোভাবেই প্রধানমন্ত্রীর জানার বাইরে হতে পারে না বলে মন্তব্য করেন তাহের। তিনি বলেন, ‘যেখানে জিরো টলারেন্স, সেখানে দুর্নীতি আরও লাফায় লাফায় বাড়তেছে।’

সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে নিজেদের মতো করে আইন পাস করছে অভিযোগ করে সংসদে কয়েকটি বিলের আলোচনায় অংশ না নিয়ে বিরোধী দলের ওয়াকআউটের কারণও ব্যাখ্যা করেন তাহের। তার ভাষ্য, ‘আমরা সেটার দায়িত্ব নিতে চাই না। জনগণের সঙ্গে যে বিট্রায়াল, এটার আমরা শরিক হইতে চাই না। আমরা আগেও প্রটেস্ট করেছি জনগণের জন্য, আজকেও জনগণের স্বার্থে আমরা এই বিলে কোনো ধরনের ডিসকাশন, হিয়ারিং বা কোনো কিছুতে পার্টিসিপেট না করে আমরা বয়কট করে আসছি।’

মক্কা প্যাক্ট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘মক্কা যে চুক্তি করেছে অ্যাপারেন্টলি আমরা মনে করি এটা একটা পজিটিভ।’

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তার অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কটূক্তি করেছেন এবং স্পিকার এ ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করেছেন।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, জাতীয় মানবাধিকার কমিশন বিল, গুম প্রতিরোধ ও প্রতিকার বিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সরকার বিরোধী দলের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই আলাদাভাবে উত্থাপন ও পাস করছে। এতে সরকারের ‘সংসদীয় স্বেচ্ছাচারিতা’ প্রকাশ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন