জামালপুরে ঘোড়ার মাংস বিক্রি চক্রের সদস্যদের অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠার পর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মেহেদী)কে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মেহেদী)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ২৩ আগস্ট ভোরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করে পুলিশ। একই ঘটনায় স্থানীয়রা ঘোড়ার মাংস বিক্রি চক্রের আরও চার সদস্যকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করার কথা বলে নিয়ে গিয়ে অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠে ছাত্রদল নেতা মাহমুদুল হাসান (মেহেদীর) বিরুদ্ধে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মাহমুদুল হাসান (মেহেদী) জানান, আমি এ ঘটনার সঙ্গে কোনভাবেই জড়িত নই। কিছু মানুষের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল জানান, বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ার পর বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসে এবং প্রচার হওয়া মেহেদীর বক্তব্যও শুনে। পরে কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হয়৷






