চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গতকাল শুক্রবার দুপুরে একসঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে পদ্মার শাখা মরা নদীতে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া সবাই মেয়ে শিশু। তাদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।
নিহত শিশুরা হলো- চরচাকলা গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (৮), মাসুদ রানার দুই মেয়ে সুমাইয়া খাতুন (৯) ও আবিদা খাতুন (৭) এবং নেজামুল হকের দুই মেয়ে সুরাইয়া খাতুন (৯) ও সুমাইয়া খাতুন (১২)। তারা সবাই ২০০ মিটারের মধ্যে বসবাসকারী তিনটি পরিবারের সন্তান।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় স্কুল ছুটি ও বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই পাঁচ শিশু একসঙ্গে নদীতে গোসল করতে যায়। এ সময় একজন হঠাৎ তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে একে একে বাকিরাও পানির নিচে তলিয়ে যায়। পরে এক নারী পানিতে তাদের তলিয়ে যাওয়ার খবর দিলে স্থানীয়রা দ্রুত জুময়ার নামাজ শেষ করে তাদের মরদেহ উদ্ধার করেন।
একসঙ্গে গোসলে গিয়ে যেমন মৃত্যু হয়েছে, তেমনি তাদের দাফনের আয়োজনও হয়েছে একই গোরস্থানে। চরচাকলা গোরস্থানে পাশাপাশি পাঁচটি কবর খুঁড়ে তাদের সমাহিত করা হয়। স্থানীয় বাসিন্দা ও কবর খননকারীরা জানান, এমন হৃদয়বিদারক দৃশ্য এর আগে কখনোই দেখা যায়নি। একই গ্রামের পাঁচ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার বাদ মাগরিব একসঙ্গে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। জানাজায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা অংশ নেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, স্থানীয়রা মৃত অবস্থায় শিশুদের মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহগুলো দাফনের অনুমতি দেয়া হয়েছে।
এআর






