গণ-অভ্যুত্থানের পর জামায়াতের ফাঁদে পড়ে কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
গতকাল শনিবার বেলা ১২টার দিকে পিরোজপুর জেলার পুলিশ লাইনে আয়োজিত গণঅধিকার পরিষদ, পিরোজপুর জেলা কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে, সেই দৃষ্টিকোণ থেকে জাতীয় নির্বাচনে বিএনপির সাথে সমঝোতা করা হয়। স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবে, আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান তারা এখন থেকে প্রস্তুতি নিন। সেই লক্ষ্যে মানুষের সুবিধা অসুবিধায় মানুষের পাশে থাকতে হবে, মানুষের যেকোনো সমস্যায় এগিয়ে যেতে হবে সবাইকে।
তিনি বলেন, আজ ২৯ আগস্ট, গত বছরের এই দিনে আমাদের দলীয় কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর কতিপয় সদস্য বর্বর হামলা করে। সেই হামলায় গুরুতর আহত হয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলের অর্ধশতাধিক নেতাকর্মী। সেই ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, আমরা শুনেছি তারা যে প্রতিবেদন দিয়েছিল- সেখানে উল্লেখ করেছিল যে নিজেরা ধাক্কাধাক্কি করে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এমন মিথ্যাচার খুবই দুঃখজনক। ৫ আগস্টের পর নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি সেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এবং প্রয়োজনে পুনর্মূল্যায়ন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
৭১ এ জামায়াতের ইসলামীর ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে, এটা এই দেশের মানুষ ভুলে যায়নি। সুতরাং জামায়াতকে ৭১-এর দায় নিয়েই রাজনীতি করতে হবে। গণ-অভ্যুত্থানের পর জামায়াত সবচেয়ে ভালো মৌসুম পেয়েছে, এই জামায়াতের ফাঁদে পড়ে গণ-অভ্যুত্থানের পর কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছে-উল্লেখ করেন তিনি।






